বিষয় শ্রেনী আবৃত্তি যোগাযোগ

কবি শাহ জামাল উদ্দিন এর বাংলা কবিতার ওয়েব সাইটে আপনাকে স্বাগতম। তিনি ১৯৬২ সালের ১লা জানুয়ারি জন্মগ্রহণ করেন ফরিদপুর শহরে। তার পৈত্রিক নিবাস গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে। বছর দশেক হলো তিনি কবিতা লেখা শুরু করেন। শাহ্ জামাল উদ্দিন মৌলিক ভাব ও বক্তব্যের এক ভিন্ন পথের অনুসন্ধানী কবি। তাঁর কবিতার ভাষা সহজ, সরল, সাবলীল, অবাধগতি। মর্মে লুকিয়ে থাকা জীবনের অগণিত বিচিত্র সব অনুভূতির স্বতঃস্ফুর্ত সহজ প্রকাশ। জন্মসীমার আলো ও অন্ধকারের নানাবিধ চিত্র, দৃশ্য সব মিলে তাঁর কবিতার শরীর। এতে শিশিরসিক্ত শিউলির সুরভিত ভালোবাসা, সুরভিত মায়াময় স্নিগ্ধতা মিশানো। কখনো আবার প্রখর উদ্যম আর মর্মস্পর্শী মনন। মেঘমেদুর আকাশের বৃষ্টির মত, সমুদ্রের তরঙ্গের কলধ্বনির মত মন মাতানো উচ্ছ্বল তাঁর ছোট্ট ছোট্ট কবিতাগুলি - পাঠক ও স্রোতার হৃদয়ে বিস্ময় জাগরুক। এমন অকপট, থরথর অশ্রুবিন্দুর মত অপরূপ সৃষ্ট তাঁর কাব্য বাংলা সাহিত্যের আধুনিক কবিতাকে পৌঁছে দেবে নতুন দিগন্তে। সকল পাঠক-শ্রোতার জন্য কবি শাহ্ জামাল উদ্দিনের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

কবিতা সার্চ করুন

    সোনালি দিন

    শাহ জামাল উদ্দিন

    আমার সেই সোনালি দিনগুলি হারিয়ে গেছে আমার বাবা কি দেখে আমাকে ওপার থেকে আর মা - খোঁজ খবর রাখে ? কত বছর হয়ে গেল - " কেমন আছ বাবা ? " - বাবা আর বলে না "একবার এসো বাড়িতে ।"এই ভাবে মা আর ডাকে না আমার খুব ইচ্ছে করে - মায়ের হাতের বানানো পিঠার কৌটা খুলে দেখি হাতে নিয়ে দেখি বাবার শাসনের সেই লাঠি বৃষ্টি ভেজা বিব্রত সেই মেয়েটি সে এখন কোথায় আছে যে একদিন এসেছিল আমার মায়ের কাছে পুঁইশাক হাতে নিয়ে এক আঁটি আবার দেখতে ইচ্ছে করে তার সেই লাজুক চোখ দুটি আমি আমার সোনালী দিনগুলি হারিয়ে ফেলেছি আকস্মাৎ মনে হলে পৃথিবীর আলো যায় নিভে তাদের খুব বেশি মনে পড়ে আমার সেই সোনালি দিনগুলি হারিয়ে গেছে আমার বাবা কি দেখে আমাকে ওপার থেকে আর মা - খোঁজ খবর রাখে ?

    👁 Views: 48

    অন্ধকারে যাত্রা

    শাহ জামাল উদ্দিন

    স্বপ্নের ভাঙা বালতি আর যৌবনের তলাফুটা কয়েকটিমাত্র মাটির হাড়ি কামনার ভাঙাচোরা থালাবাটি ভালোবাসার ছেঁড়া পোশাক দু'একটা আর অবিরাম ক্ষয়ে যাওয়া শরিরের যত ব্যথা সাথে নিব এই সব যাবতীয় বোঝা তারপর আমার যাত্রা শুরু হবে পাপের প্রাচীর ভেঙে বহু দূরের অচেনা অন্ধকারের পথে । বুকের পাজরে আর অনুভবে কত ঘৃনা জমা হয়ে আছে বেদনার সীমা না বাড়িয়ে আমি যাব চলে অচেনা অন্ধকারে । জানি একদিন এই দুঃখময় পৃথিবী আর অনন্ত ঋতু আমার ঠিকানা ফেলবে মুছে ।

    👁 Views: 35

    আমাকে আমি বহন করি

    শাহ জামাল উদ্দিন

    আমার জীবনের যত ক্ষত আমি একা একা ভোগ করি ঐশ্বর্যের মত । আমি দুঃখ পেলে কখনো কি কষ্টের বরফ জমে তোমার বুকে কখনো কি আমার কষ্টগুলো খুঁজে দেখ ঝরা পাতার নীচে এই উন্মাদ নগরে । আমি ব্যথা পেলে আমার বেদনার গহন প্রন্তরে তোমাকে পাইনা কেন খুঁজে ? আমি যখন চাতক পাখির মতন তোমার আকাশে বেড়াই উড়ে তখন বৃষ্টি ঝরে না কেন অঝোরে আমার আবেগের মাঠে । আমি চলে গেলে তুমি কি বেড়াবে ঘুরে বেদনার নীল শাড়ি পরে গোপনে । আমার জীবনের যত ক্ষত আমি একা একা ভোগ করি ঐশ্বর্যের মত ।

    👁 Views: 42

    মৃৎপাত্র

    শাহ জামাল উদ্দিন

    আমায় রেখেছে সে ভালোবাসার মৃৎপাত্রে । ছেলেবেলার সুখময় রুপালী পয়সার মত দিনে দিনে সঞ্চয় করে প্রতিদিন ভাঙে আর গড়ে ছড়িয়ে গেলে গুছিয়ে রাখে গুনে গুনে দেখে । মাঝে মাঝে তার নগ্ন হাতের মুঠোর ভেতরে শক্ত করে ধরে উন্মাদ সোনালী ঝলক দেখি তার চোখে । আমায় রেখেছে সে ভালোবাসার মৃৎপাত্রে প্রতিদিন ভাঙে আর গড়ে ।

    👁 Views: 49

    কবি পরিচিতি

    BanglaKobita

    শাহ জামাল উদ্দিন ১৯৬২ সালের ১লা জানুয়ারী ফরিদপুর শহরে জন্মগ্রহন করেন। তার পৈত্রিক নিবাস বর্তমান গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে। কিশোর বয়সে প্রাথমিক লেখাপড়া শুরু নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। কয়েক বছর তিনি কুষ্টিয়া শহরে লেখাপড়া করেন।

    ১৯৭৭ সালে দিগনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি এবং ১৯৭৯ সালে সরকারি রাজেন্দ্র কলেজ বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি পাশ করেন। ১৯৮৪ সালে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট হতে ১ম বিভাগে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (যন্ত্রকৌশল) পাশ করেন। প্রকৌশলী হিসেবে তিনি কতিপয় বেসরকারী প্রতিষ্ঠানে কয়েক বছর চাকুরী করার পর দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে ( হজকিং লিম্ফোমা) আক্রান্ত হলে চিকিৎসারত অবস্থায় চাকুরী ছেড়ে দেন। বর্তমানে আল্লাহর অপার মহিমায় সুস্থ হয়ে ব্যবসার সাথে জড়িত আছেন। মূলত তিনি কবি। কবিতা লেখা তার পেশা নয়-নেশা। বর্তমানে তিনি নিরন্তর লিখে চলেছেন। “ স্বপ্নের সিঁড়ি আমার প্রথম ভালোবাসা ” এবং “ ছুঁয়ে দেখি ভোরের নদী ” তার প্রকাশিত গ্রন্থ। এছাড়াও কয়েকটি কবিতার বই প্রকাশের পথে। বিভিন্ন পত্র পত্রিকায় লিখে চলেছেন এবং কতিপয় সাহিত্য সংস্কৃতি প্রতিষ্ঠানের সাথে জড়িত

    কবিতা আবৃত্তি